Betting Syndicate

কালীপুজোর আগে বিলাসবহুল হোটেলে পুলিশের অভিযান! রামপুরহাটে জুয়ার আসর থেকে উদ্ধার ১৩.৫ লক্ষ টাকা, গ্রেফতার ২৭

সানঘাটা মোড় সংলগ্ন এলাকার একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং একাধিক বান্ডিল তাস উদ্ধার করল পুলিশ।

রামপুরহাটে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে উদ্ধার বিপুল টাকা।
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ ০৩:২৪

কালীপুজোর প্রাক্কালে রামপুরহাট শহরে বড়সড় জুয়ার চক্রের হদিস পেল পুলিশ। সানঘাটা মোড় সংলগ্ন এলাকার একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং একাধিক বান্ডিল তাস উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় হোটেল মালিক-সহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে রামপুরহাট থানার বিশাল পুলিশবাহিনী ওই হোটেলে আচমকা অভিযান চালায়। অভিযোগ, কালীপুজোকে কেন্দ্র করে হোটেলের ভিতরে গভীর রাত পর্যন্ত চলছিল জুয়ার আসর। রামপুরহাট শহর ছাড়াও বগটুই, নলহাটি, নারায়ণপুর-সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সেখানে জুয়া খেলতে জড়ো হয়েছিলেন। পুলিশ গোটা হোটেল চত্বর ঘিরে তল্লাশি শুরু করতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন পিছনের দরজা ও বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করেন। সেই সময় হুড়োহুড়িতে পড়ে কয়েকজন জখমও হন। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত হোটেল মালিক-সহ ২৭ জনকে আটক করা সম্ভব হয়।

অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও তাস বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি জুয়ার আসর পরিচালনা এবং তাতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা এর পিছনে কোনও প্রভাবশালীর মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রয়োজনে ধৃতদের কয়েকজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে পুলিশ।

কালীপুজোকে কেন্দ্র করে যাতে কোনও বেআইনি কার্যকলাপ না ঘটে, সেই লক্ষ্যে রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।


Share