Arrest TMC Leader

ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, গ্রেফতার পুরুলিয়ায় টিএমসিপি জেলা সভাপতি কিরীটী আচার্য

পুরুলিয়া জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ০৪:৩৭

তোলাবাজির অভিযোগে পুরুলিয়ায় ফের গ্রেফতার তৃণমূলের এক নেতা। এ বার পুলিশের জালে ধরা পড়েছেন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র পুরুলিয়া জেলা সভাপতি কিরীটী আচার্য। জেলার বিভিন্ন এলাকায় তোলাবাজি, ভয় দেখিয়ে অর্থ আদায়-সহ একাধিক অভিযোগে পুলিশ সম্প্রতি ধরপাকড় শুরু করেছে। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। সেই তালিকায় এ বার যুক্ত হল টিএমসিপির জেলা সভাপতির নাম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজির অভিযোগে শনিবার পুরুলিয়ার পারা থানায় কিরীটীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্জয় বাউরি নামে এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর কিরীটীকে গ্রেফতার করা হয়। পুরুলিয়া জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।

পুরুলিয়ায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা কিংবা তোলাবাজির অভিযোগে তৃণমূলের একাধিক নেতার গ্রেফতারির ঘটনা আগেও সামনে এসেছে। এর আগে পুলিশের জালে ধরা পড়েছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি, জেলা যুব তৃণমূলের সভাপতি গৌরব সিংহ এবং তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচিত তুষার অবস্তী। পরে একই ধরনের অভিযোগে গ্রেফতার হন বরাবাজার ব্লক তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি চন্দন সিংহ মল্লও। সেই তালিকায় এ বার যুক্ত হল তৃণমূল ছাত্রনেতা কিরীটীর নাম।


Share