Explosives Recovered

বীরভূমের নলহাটিতে এনআইয়ের অভিযান, বিপুল বিস্ফোরক উদ্ধার, ধৃত একজন

বীরভূমের নলহাটিতে এনআইএ-র অভিযানে উদ্ধার হয়েছে ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ও বিপুল পরিমাণ ডিটোনেটর। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নলহাটি
  • শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ০৭:৩৫

বীরভূমের নলহাটিতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট এবং প্রচুর ডিটোনেটর উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তদন্তকারী সংস্থা একজনকে গ্রেফতার করেছে। কেন এত বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে এনআইএ।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর এনআইয়ের একটি দল কলকাতার নিউটাউন থেকে নলহাটিতে পৌঁছোয়। স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় তল্লাশি চালানো হয়। দীর্ঘ অভিযানের পর উদ্ধার হয় ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক ডিটোনেটরও উদ্ধার করা হয়েছে। 

অভিযানের সময় এক ব্যক্তিকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত ধৃতের পরিচয় প্রকাশ করা হয়নি।

এনআইয়ের প্রথমিক অনুমান, অবৈধ পাথর খাদানের কাজের জন‍্য এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল। এ ছাড়াও, এর নেপথ্যে আর কী কারণ তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না, অথবা বাণিজ্যিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে এগুলি রাখা হয়েছিল কি না, সেই দিকেও নজর দিচ্ছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে বলেও সূত্রের খবর।

এ ছাড়াও, তদন্তকারীরা খতিয়ে দেখছেন, নলহাটি ও সংলগ্ন ঝাড়খণ্ড এলাকার পাথর খাদানে এই বিস্ফোরক সরবরাহের কোনও পরিকল্পনা ছিল কি না। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জনের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজেও তল্লাশি চালানোর প্রস্তুতি নিচ্ছে এনআইএ।


Share