Arrest TMC Leader

ভোট-পরবর্তী হিংসা, ধর্ষণ-সহ একাধিক মামলায় অভিযুক্ত পলাতক তৃণমূল উপপ্রধান মামন শেখ গ্রেফতার, আদালতে তুলতেই ডিমবৃষ্টি ও মারধরের অভিযোগ

প্রথমে পুলিশ ভ্যানে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এরপর আদালত চত্বরে মামন শেখকে লক্ষ্য করেও একাধিক কাঁচা ডিম নিক্ষেপ করা হয়। অভিযোগ, আদালতে প্রবেশের সময় কয়েক জন তাঁর উপর হাতও তুলেছেন।

ডিম হাতে আদালত চত্বরে বিক্ষোভকারীরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৫:১০

নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পলাতক ছিলেন বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ। রবিবার তাঁকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। সোমবার আদালতে তোলার জন্য নিয়ে যাওয়ার সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমে পুলিশ ভ্যানে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এরপর আদালত চত্বরে মামন শেখকে লক্ষ্য করেও একাধিক কাঁচা ডিম নিক্ষেপ করা হয়। অভিযোগ, আদালতে প্রবেশের সময় কয়েক জন তাঁর উপর হাতও তুলেছেন।

পুলিশ সূত্রের দাবি, ভোট-পরবর্তী হিংসা, ধর্ষণ, মারধর, সাধারণ মানুষকে গ্রামছাড়া করা, বাড়িঘর ভাঙচুর-সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন মামন শেখ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগও রয়েছে। শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে খবর, রবিবার লাভপুরের গঙ্গারামপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

মামনের গ্রেফতারি নিয়ে বিজেপি নেতা খোকন দাস বলেন, ‘‘বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত উনি। সাধারণ মানুষকে ক্রীতদাস করে রাখতেন তিনি। উপযুক্ত শাস্তি হবে। কোনও অপরাধী ছাড় পাবে না।’’ সোমবার মামনকে আদালতে হাজির করানোর সময় একের পর এক ডিম ছোড়েন কয়েক জন। এমনকি, আদালত চত্বরেরই তাঁকে মারধর করেন কয়েক জন। কোনও রকমে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ।

মামন শেখের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও, বিভিন্ন এলাকায় জমি দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মারধর ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগেও তিনি অভিযুক্ত।কঙ্কালীতলার উপপ্রধান মামন এবং সিউড়ি-২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের গ্রেফতারি প্রসঙ্গে বীরভূম জেলার পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ বলেন, ‘‘যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুলিশের তরফে তদন্ত করা হচ্ছে।’’


Share