TMC Leader Arrested

হোটেলে চলছিল জুয়ার ঠেক, পুলিশের অভিযানে গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন-সহ চার জন, উদ্ধার নগদ

চন্দন সাহা দুর্গাপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। অভিযোগ ভিরিঙ্গি মোড়ের একটি হোটেলের ঘরে প্রতিদিন জুয়ার আসর বসাতেন। লক্ষাধিক টাকার জুয়া খেলা চলত।

গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৪:৫৪

জুয়ার ঠেক থেকে গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা। তাঁর আরও তিন সঙ্গীকে পুলিশ হাতেনাতে পাকড়াও করেছে। একটি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করানো হবে।

চন্দন সাহা দুর্গাপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। অভিযোগ ভিরিঙ্গি মোড়ের একটি হোটেলের ঘরে প্রতিদিন জুয়ার আসর বসাতেন। লক্ষাধিক টাকার জুয়া খেলা চলত। প্রতিদিন নিত‍্যনতুন লোকজনকে ডেকে নিয়ে এসে জুয়ার আসর বসাতেন চন্দন।

বেশ কিছু দিন ধরেই ওই হোটেলের ঘরে জুয়ার ঠেক চলছিল বলে পুলিশ খবর পায়। সেই মতো পুলিশ নজরদারি শুরু করে। সোমবার রাতে ভিরিঙ্গি মোড়ের ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখানেই বিছানায় বসে চন্দন সাহা জুয়ায় মত্ত ছিল বলে অভিযোগ। হাতেনাতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, চন্দন ছাড়াও বিধান দত্ত, সুনীল বাদ্যকর, শুভঙ্কর বিশ্বাস, ধনঞ্জয় চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাস্থলে নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। জুয়ার প‍্যাড কে চালাচ্ছিল তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করানো হবে।


Share