Myesterious Death

ডিউটি সেরে বাড়ি ফিরতেই দরজার সামনে মহিলার দেহ, দুর্গাপুরে চাঞ্চল্য, গ্রেফতার একজন, তদন্তে পুলিশ

দুর্গাপুরের কোকওভেন থানার তাঁতিপাড়ার এই ঘটনায় মৃতার নাম কবিতা সরকার (৪০) বলে জানা গিয়েছে এবং তদন্তে নেমে শুভাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরকীয়া না কি আর্থিক লেনদেন—মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০২:০৩

ডিউটি সেরে বাড়ি ফিরতেই চক্ষু চরকগাছ! রাতভর সিকিউরিটি গার্ডের ডিউটি সেরে শনিবার সকালে বাড়ি ফিরছিলেন শম্ভুনাথ ঘোষ। নিজের বাড়ির দরজার সামনে পৌঁছোতেই তাঁর নজরে আসে এক মহিলার দেহ পড়ে রয়েছে। এমন দৃশ্য দেখে রীতিমতো তিনি চমকে ওঠেন। দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার তাঁতিপাড়ার ঘটনাটি ঘটেছে। মুহূর্তেই খবর জানাজানি হতে গোটা পাড়ায় শোরগোল পড়ে যায়। রহস্যজনক এই মৃত্যুর তদন্তে নেমে ইতিমধ্যেই এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম কবিতা সরকার (৪০)। তাঁর বাড়ি রানিগঞ্জে। তদন্তকারীদের দাবি, তাঁতিপাড়ার বাসিন্দা শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কবিতার যোগাযোগ ছিল। তাঁর বাড়িতে প্রায়ই ওই মহিলা যাতায়াত করতেন। শনিবার ভোর প্রায় পৌনে ছ’টা নাগাদ সগরভাঙা গোপীনাথপুর গ্রামের তাঁতিপাড়ার বাসিন্দা শম্ভুনাথ বাড়ি ফেরার সময় দেহটি দেখতে পান। তাঁর দাবি, তখনও তিনি বুঝতে পারেননি মৃত মহিলা কে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দেহটি পড়ে থাকার সময় মহিলার পরনের শাড়ি কিছুটা অগোছালো অবস্থায় ছিল। আতঙ্কিত শম্ভুনাথ তড়িঘড়ি পরিবারের লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে শম্ভুনাথ বলেন, “ভোর পৌনে ছ’টা নাগাদ আমি প্রথম দেহটা দেখি। প্রথমে ভেবেছিলাম আমার মানসিক ভারসাম্যহীন বোনের কথা, কিন্তু ও ঘরেই ছিল। তার পর ছেলে ও স্ত্রীকে ডাকি এবং পুলিশে খবর দিই। প্রথম দিকে মনে হয়েছিল মহিলা আমাদের এলাকারই কেউ।”

এই ঘটনার তদন্তে নেমে শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃতার পরিচয় সামনে এলেও, ঠিক কী কারণে এই মৃত্যু বা খুন—তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের অনুমান, এর নেপথ্যে পরকীয়া সংক্রান্ত কোনও বিরোধ থাকতে পারে, আবার আর্থিক লেনদেনের বিষয়ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পুলিশের মনে একাধিক প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—আর্থিক কোনও বিষয় থাকলে রাতে ওই মহিলা শুভাশিসের বাড়িতে কী করছিলেন, খুন হয়ে থাকলে তা কোথায় ঘটেছে এবং কেনই বা দেহটি এলাকায় ফেলে রাখা হয়েছিল।

পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share