Murder

জমি বিবাদ ঘিরে অশান্তি, বিসর্জনের শোভাযাত্রায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে

কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বচসার পর বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে এলাকার দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় দু’জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০১:২২

পুরনো জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হল দুর্গাপুরে। কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রার মধ্যেই এক যুবককে বেধড়ক মারধর করে খুনের অভিযোগ উঠল এলাকারই দুই যুবকের বিরুদ্ধে। মৃতের নাম শ্যামকুমার দাস। বুধবার রাতে দুর্গাপুরের জব্বরপল্লি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার জব্বরপল্লি এলাকায় কালীপ্রতিমা বিসর্জন উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রাতেই শ্যাম বন্ধুদের সঙ্গে ছিলেন। অভিযোগ, সেই সময়ই এলাকার দুই যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। পুরনো বিবাদ থেকেই এই অশান্তির সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

অভিযোগ, এরপরই দুই যুবক শ্যামের উপর চড়াও হন। বাঁশ দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়েও তাঁকে কোপানো হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় শ্যামকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। পরীক্ষা করে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শ্যামের পরিবারের তরফে দুর্গাপুর-লাউদোহা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বুধবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) রসপ্রীত সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করা হয়েছে।


Share