Fire Incident

ধনতেরাসের রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত গোটা বাড়ি! কালীপুজোর আগে সর্বস্ব হারিয়ে অসহায় দুর্গাপুরের পরিবার

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে স্থানীয় বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়-সহ দলের অন্যান্য কর্মীরা পৌঁছোয়। বিপর্যস্ত পরিবারের হাতে শীতবস্ত্র, শিশুদের পোশাক, রাতের খাবার এবং প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী তুলে দেওয়া হয়।

আগুন লেগে পুড়ে গেল বাড়ি
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ০১:০৬

ধনতেরাসের রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। সব হারিয়ে সর্বস্বান্ত পরিবার। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল মাথা গোঁজার একমাত্র আশ্রয়। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, সবই আগুনের গ্রাসে গিয়েছে। কালীপুজোর আগে এমন বিপর্যয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। এই কঠিন পরিস্থিতিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। আর্থিক সাহায্যের পাশাপাশি তাঁরা প্রয়োজনীয় সামগ্রী দিয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকী, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে নতুন বাড়ির ব্যবস্থা করা যায় কি না, তা নিয়েও উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

শুক্রবার রাতে দুর্গাপুরের ৫৪ ফুট সংলগ্ন শ্রীনগর পল্লিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি বাড়িতে প্রথমে আগুন লাগে। দ্রুত সেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এর মধ্যেই ঘটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। বিস্ফোরণের বিকট শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে।

খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। আগুন নেভানোর কাজে দমকলকর্মীরা দ্রুত হাত লাগান। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ততক্ষণে আগুনের গ্রাসে কার্যত গোটা বাড়ি শেষ হয়ে গিয়েছে। ঘরের সমস্ত আসবাবপত্র এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রী পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত পরিবারটি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে স্থানীয় বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়-সহ দলের অন্যান্য কর্মীরা পৌঁছোয়। বিপর্যস্ত পরিবারের হাতে শীতবস্ত্র, শিশুদের পোশাক, রাতের খাবার এবং প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এই পরিস্থিতি থেকে পরিবারটিকে বের করে আনতে আর্থিক ও অন্যান্য সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে।

দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন পারিজাত। বিধায়কের সহযোগিতায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যাতে ওই পরিবার নতুন বাড়ি পেতে পারে, সেই উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। এখন বিপর্যয়ের ধাক্কা সামলে কীভাবে নতুন করে জীবন শুরু করবে পরিবারটি, সেটাই বড় প্রশ্ন।


Share