Shoot Out

দুর্গাপুরে নিজের সার্ভিস রিভলভারের গুলিতে মৃত্যু কনস্টেবলের! ডিউটি চলাকালীন গুলিবিদ্ধ হন পুলিশকর্মী

মঙ্গলবার রাতে পানাগরের কাছে জাতীয় সড়কের সার্ভিস রোডে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিজের মাথায় সার্ভিস রিভলভার ঠেকিয়ে ওই কনস্টেবল পরপর চার রাউন্ড গুলি চালান।

কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভারে মৃত্যু পুলিশকর্মীর
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০২:৫৩

নিজের সার্ভিস রিভলভারের গুলিতে মৃত্যু এক পুলিশকর্মীর। দুর্গাপুরে কর্তব্যরত অবস্থায় কাঁকসা ট্রাফিক গার্ডের কনস্টেবলের মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জয় জানা। মঙ্গলবার রাতে পানাগরের কাছে জাতীয় সড়কের সার্ভিস রোডে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিজের মাথায় সার্ভিস রিভলভার ঠেকিয়ে ওই কনস্টেবল পরপর চার রাউন্ড গুলি চালান। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, সঞ্জয় জানার বাড়ি মেদিনীপুরে। কর্মসূত্রে দুর্গাপুরে তাঁর পোস্টিং ছিল। মঙ্গলবার রাতে পানাগরের সার্ভিস রোডের ধারে একটি হোটেলের সামনে তিনি ডিউটিতে ছিলেন। সেই সময় পুলিশের গাড়ি থেকে নেমে অন্য কর্মীরা হোটেলে বসেছিলেন। অভিযোগ, পুলিশের গাড়ির সামনে ঘোরাঘুরি করার পর আচমকাই নিজের সার্ভিস রিভলভার দিয়ে সঞ্জয় মাথায় গুলি চালান।

গুলির শব্দ শুনে তাঁর সহকর্মীরা ছুটে আসেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ইতিমধ্যেই জায়গাটি গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। তদন্তের জন্য ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে।

আসানসোল-দুর্গাপুর পুলিশের কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, ওই কনস্টেবল নিজেই গুলি চালিয়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশের তদন্তে সেই বিষয়টি স্পষ্ট হওয়ার অপেক্ষা।


Share