Durgapur Barrage

রাতের বেলা বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, পাঁচ দিন ধরে চলবে সংস্কারের কাজ

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত ব্যারেজ রোডে সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে।

দুর্গাপুর ব্যারেজ
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৪:৪৬

দুর্গাপুর ব্যারেজে সংস্কারের কাজ হবে। সেই কাজের জন্য আগামী কয়েক দিন রাতের বেলা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত কাজ চলবে। তাই সেই সময় ব্যারেজ রোডে কোনও গাড়ি চলতে দেওয়া হবে না।

রাজ‍্যের সেচ দফতর জানিয়েছে, ব্যারেজে নতুন স্পিলওয়ে গেট বসানো হবে। পুরনো ক্ষতিগ্রস্ত গেট বদলানো হবে। ট্রেসেল ব্রিজের রং ও মেরামতির কাজ এই সময়ের মধ্যেই করা হবে। ভারী ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে এই কাজ চলবে। তাই নিরাপত্তার স্বার্থেই রাতে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে সাধারণ মানুষ, অফিসযাত্রী এবং পণ্যবাহী গাড়ির চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাঁকুড়া–রানীগঞ্জ রোড, ১৯ নম্বর জাতীয় সড়ক হয়ে ১৪ নম্বর জাতীয় সড়ক অথবা অন্ডাল–উখড়া রুট ব্যবহার করা যেতে পারে বলে জানানো হয়েছে।

এ ছাড়াও, অপ্রয়োজনীয় রাতের যাতায়াত এড়িয়ে চলার আবেদন জানিয়েছে প্রশাসন। জরুরি পরিষেবার গাড়িগুলিকে আগাম ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে দিনের বেলা ব্যারেজ দিয়ে স্বাভাবিক ভাবেই যান চলাচল করবে। আধিকারিকেরা মনে করছেন, বর্ষার আগেই এই কাজ শেষ হলে ব্যারেজের নিরাপত্তা ও জলধারণ ক্ষমতা আরও বাড়বে।


Share