Road Accident

পঞ্চমীর ভোরে বিপত্তি, ১৯ নম্বর জাতীয় সড়কে ট্রাক্টর-চারচাকা গাড়ির সংঘর্ষ, মৃত একজন, আশঙ্কাজনক চার

পঞ্চমীর ভোরে কাঁকসার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কে ট্রাক্টর ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের।

বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে চারচাকা গাড়ির সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১০:৪৬

পঞ্চমীর ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বালি বোঝাই ট্রাক্টরের পিছনে একটি চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার ভোররাতে কাঁকসার রাজবাঁধ এলাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে ছোট চারচাকা গাড়িটি যাচ্ছিল। একই দিকে যাচ্ছিল বালি বোঝাই একটি ট্রাক্টর। স্থানীয়দের দাবি, চারচাকা গাড়িটি দ্রুত গতিতে আসছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সামনে থাকা ট্রাক্টরের পিছনে সজোরে গাড়িটির ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে চারচাকা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে, ধাক্কার অভিঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তাতেই উলটে যায়।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। চারচাকা গাড়ির ভিতরে থাকা যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। ট্রাক্টরের চালকও ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় । আহতদের উদ্ধার করে রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়। বাকি চারজনের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। চারচাকা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, অথবা কোনও যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, সেই দিকগুলিও তদন্ত করে দেখছে পুলিশ।


Share