Joydeb Khan Join BJP

কয়লা মাফিয়া জয়দেব খাঁ-কে স্থায়ী সদস‍্যপদ দিল বিজেপি! কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে দাবি তৃণমূলের

তৃণমূল সামাজমাধ‍্যমে লিখেছে, “মুখে 'মাফিয়া রাজ', 'সিন্ডিকেট রাজ' নিয়ে সরব মোদী-শাহের আসল রূপ এটাই। বিজেপির 'স্বচ্ছ ভারত' মানে অপরাধ দূর করা নয়, বরং সমাজবিরোধীদের দলে টেনে ক্ষমতা দেওয়া। এরাই সমাজবিরোধীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা।”

সাংবাদিক বৈঠক করছেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১১:৩৩

বিজেপিতে যোগ দিলেন জয়দেব খাঁ। আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলা আনুষ্ঠানিক ভাবে সেই বিজ্ঞপ্তি জারি করেছে। জয়দেবকে আমন্ত্রিত স্থায়ী সদস্য হিসেবে দলে নিয়েছে। তৃণমূলের অভিযোগ, জয়দেব খাঁ এলাকায় কয়লা মাফিয়া হিসেবে পরিচিত।

ইসিএলের কয়লাপাচার চক্রের অন‍্যতম নাম জয়দেব খাঁ। একদা অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন জয়দেব খাঁ। ইসিএলএর ডিও কেটে বৈধ ব‍্যবসার আড়ালে অবৈধ ভাবে কয়লা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিছু দিন আগেই কিছু দিন আগেই চিন্ময় মন্ডল এবং কিরণ খাঁ-কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা এবং বালিপাচার মামলায় বিপুল পরিমাণ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে। কিরণ জয়দেব খাঁ-এর ভাই। এক সময় কয়লা বলয়ে অবৈধ কয়লা ব‍্যবসার সঙ্গেই যুক্ত ছিলেন বলে অভিযোগ। কয়লার চাহিদা কমে যাওয়ায় তাঁরা ইদানিং বালি ব‍্যবসার সঙ্গে যুক্ত হন। লালা এবং নিহত রাজু ঝাঁ-এর প‍্যাড ব‍্যবহার করে অবৈধ কয়লা পাচারের টাকা সংগ্রহ করত চিন্ময় এবং কিরণ।

বুধবার কয়েকটি ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাতে দেখা যাচ্ছে কয়লা মাফিয়া জয়দেব খাঁ দেশের প্রাক্তন কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর পাশে দাঁড়িয়ে রয়েছে। এমনকী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির হয়েছেন। এ ছাড়াও, বিজেপির আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলার যোগদানের তালিকা প্রকাশ করেছে। সঙ্ঘের প্রাক্তন প্রচারক ও আসানসোল দক্ষিণের বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য‍্যের সাক্ষর করা তালিকার শেষ রয়েছে জয়দেবের নাম।

তৃণমূল সামাজমাধ‍্যমে লিখেছে, “মুখে 'মাফিয়া রাজ', 'সিন্ডিকেট রাজ' নিয়ে সরব মোদী-শাহের আসল রূপ এটাই। বিজেপির 'স্বচ্ছ ভারত' মানে অপরাধ দূর করা নয়, বরং সমাজবিরোধীদের দলে টেনে ক্ষমতা দেওয়া। এরাই সমাজবিরোধীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা।” শাসকদল আরও বলেছে, “জনবিচ্ছিন্ন বিজেপি মাফিয়াদের সাহায্যে রাজ‍্য দখলের স্বপ্ন দেখছে। কিন্তু রাজ‍্যের মানুষ কখন‌ও অপরাধীদের প্রশ্রয় দেয়নি, এ বারেও দেবে না।”

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “জয়দেব খাঁ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের কাছে কয়লা মাফিয়া হিসেবে পরিচিত একটি নাম। তাঁকে নিয়ে নানান বিতর্ক রয়েছে। আর এই কয়লা মাফিয়াকেই বছর খানেক আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে সম্বর্ধনা দিতে দেখা গিয়েছে। এ ছাড়াও, বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে, বিজেপির বড় বড় নেতাদের সাথে এই কয়লা মাফিয়ার ছবি দেখতে পাওয়া গেছে। এ বার বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে তাঁকে পরিষ্কার চেষ্টা করছে বিজেপি।” নরেন্দ্রনাথ আরও বলেন, “এরা মুখে এক কথা বলে, আর কাজে করে এক। ওরা পরিবর্তন যাত্রা করছে, ওটা উল্টো রথের যাত্রা হবে। মানুষ এদের চিনে গিয়েছে।” জেলা ন’টি আসনেই তৃণমূল জয়লাভ করবে বলেও দাবি করেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।


Share