Post Poll Violence

সোনামুখীতে রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির দাবি, বুধবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। বিধায়ক দিবাকর ঘরামির ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলে।

অফিসের চেয়ারটেবিল ভেঙে ফেলা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, সোনামুখী
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:২০

রাজ্যে পালাবদলের পর থেকেই প্রায় সব জেলায় অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। এ বার বাঁকুড়ার সোনামুখীতে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, বুধবার গভীর রাতে নিত্যানন্দপুর এলাকায় তাদের পার্টি অফিসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। যদিও তৃণমূল শিবিরের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে দলীয় কার্যালয়ের টিনের বেড়া ভেঙে ফেলা হয়। কার্যালয়ের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিজেপির দাবি, অফিসের চেয়ারটেবিল ভেঙে ফেলা হয়েছে। এমনকী, মাইক্রোওভেন-সহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দেওয়া হয়েছে। সোনামুখীর দু’বারের বিধায়ক বিজেপির জয়ী দিবাকর ঘরামি। পাশাপাশি তাঁর ফেস্টুন ও ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাটি জানতে পারেন। এর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দাবি, রাজ্যে ক্ষমতায় এসেছে। কিন্তু তারা কোথাও অশান্তির পথে হাঁটছে না। তার পরও তাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হচ্ছে। তৃণমূল মানুষের রায় মেনে নিতে পারছেন না। তাই তৃণমূলের কর্মীর এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে।

বিজেপি নেতাদের আরও বক্তব্য, নিত্যানন্দপুরের রাজনৈতিক পরিবেশ বরাবরই শান্ত ছিল। এমন ঘটনার নজির আগে খুব একটা দেখা যায়নি। তাই এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একটি দল এলাকায় পৌঁছোয়। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্য দিকে, এই ঘটনায় সোনামুখী ব্লক তৃণমূল সভাপতি দিব্যেন্দু সেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share