Suvendu Adhikari

‘ধর্মান্তরণের মতো জমি কেনাবেচাতেও আইন আনব’ বাঁকুড়ায় দু’টি কাজের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গুজরাত, অসম-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে দুই ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে জমি কেনাবেচার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। এ বার এই রাজ্যেও তেমনই আইনের আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ১২:৫৮

ধর্মান্তরণ নিয়ে যে সরকার চিন্তাভাবনা করছে তা আগেই জানিয়েছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার ‘ল‍্যান্ড জিহাদ’ রুখতেও আইন আনবে রাজ্য সরকার। বাঁকুড়ায় প্রসাশনিক সাভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী। তাঁর ইঙ্গিত, এক ধর্মের মানুষের কাছ থেকে জমি অন‍্য ধর্মের মানুষ যে আইনে কিনবে সেই আইন কঠোর হবে।

মঙ্গলবার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়া গিয়েছিলেন। পিছিয়ে পড়া এলাকাগুলিতে উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে ঢালাও বরাদ্দের কথা তিনি জানিয়েছেন। এই বিষয়ে বিগত তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। তাঁর বক্তব্য, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মানুষ বিজেপিকে আশির্বাদ করেছে বলে এই সমস্ত এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য টাকার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছিল। সেই সমস্ত এলাকায় উন্নয়নের জন‍্য টাকা বরাদ্দের ঘোষণার পাশাপাশি দু’টি কাজের কথা উল্লেখ করেন। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ধর্মান্তরণ বিরোধী আইন এবং জমি কেনাবেচা সংক্রান্ত আইন আনা বাকি রয়েছে। তিনি মনে করছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে বিপুল অর্থ আসছে। সেই অর্থ ব‍্যবহার করে ধর্মান্তরণ প্রক্রিয়া চলছে। গরীবদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্মান্তরণ চলছে। তা অবিলম্বে বন্ধ করতে হবেই। তার জন‍্য সরকার কঠোর আইন আনবে। আর্থিক ভাবে পিছিয়ে থাকা হিন্দুদেরই যে নিশানা করা হচ্ছে তার বক্তব্যে স্পষ্ট উঠে এসেছে।

আগেই অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)— ইউসিসির কথা জানিয়েছেন। বিলের খসড়া তৈরি করতে কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই বিল তৈরি হচ্ছে। তিনি বলেন, “আমরা কিছু দিনের মধ্যেই ইউসিসি আনব।”

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “আমরা সীমান্তে জমি দিয়েছি। ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি। গোমাতাকে সম্মান দিয়েছি। মহরমে তলার নিয়ে বার্সাতে দিইনি।” এর পরেই ‘দু’টি কাজ’ বাকি রয়েছে বলে জানান।

ধর্মান্তর বিরোধী আইন ছাড়া জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনার কথা মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন। রাজ্যে পালাবদলের পরেই লাভ জিহাদ’ এবং ‘ল‍্যান্ড জিহাদ’ নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই যে এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন তা নয়। বিরোধী দলনেতা থাকাকালীনও একাধিক বক্তব্যে এই প্রসঙ্গ উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মনে করেন, এ ক্ষেত্রেও হিন্দুদের আর্থিক অবস্থার ওপরে নির্ভর করছে। তাঁরা অন‍্য ধর্মের মানুষকে জমি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এর ফলে জনবিন‍্যাসের পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে সংস্কৃতিরও।

গুজরাত, অসম-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে দুই ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে জমি কেনাবেচার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। এ বার এই রাজ্যেও তেমনই আইনের আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 


Share