Accident

কালীপুজোর রাতে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কা, বাঁকুড়ায় মৃত তিন তরুণ

কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার ইন্দপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাইকের, প্রাণ গেল ১৯-২০ বছরের তিন যুবকের। মৃতদের বাড়ি পুরুলিয়ার মানবাজারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৩:২৫

কালীপুজোর আনন্দের মধ্যেই পথ দুর্ঘটনা। একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারল। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে বাঁকুড়ার ইন্দপুরের জুনবেদিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। তাঁদের বাড়ি পুরুলিয়ার মানবাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনের নাম সুমন মাহাতো, আকাশ সিং এবং সুমন কুমার চাঁদ। কালীপুজো উপলক্ষে তাঁরা বাইক নিয়ে বাঁকুড়ায় এসেছিলেন। সোমবার রাতে বাড়ি ফেরার পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। জুনবেদিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় বাইকের গতি অত্যন্ত বেশি ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাইকটি রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে তিনজনই বাইক থেকে ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়েন। তাঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না বলে জানা গিয়েছে।

রাতের ওই বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। ইন্দপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তিনজনকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা সুমন মাহাতো এবং সুমন কুমার চাঁদকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আকাশ সিং। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। শেষপর্যন্ত তাঁরও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পৌঁছোতেই তিন তরুণের পরিবারে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুরুলিয়ার মানবাজার থেকে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কালীপুজোর রাতে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা।


Share