Stone Syndicate

টাকা উদ্ধার কাণ্ডে পাথর মাফিয়া টুলু মন্ডলকে হেফাজতে চায় পুলিশ, আবেদন মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

বৃহস্পতিবার দুপুরে মহম্মদবাজারের নদোহরি এলাকায় টুলুর খামারবাড়ি থেকে পাথর ব‍্যবসা সংক্রান্ত ফাইল লোপাট করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ ফাইল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পাথর মাফিয়া টুলু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১০:১৭

বীরভূমে পাথর মাফিয়া টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিন শেখের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। টুলুর ভগ্নিপতি মিনার মন্ডলের কাছ থেকে ২৮ কোটি টাকা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্তকে হেফাজতে নিতে চায় পুলিশ। নিম্ন আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে।

মঙ্গলবার গভীর রাতে মহম্মদবাজার থানা এলাকায় মহম্মদ মিনার মন্ডলের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। সেখানে তল্লাশি চালিয়ে টাকার হদিশ মেলে। এত টাকার হদিশ মেলে তা গুনতে মেশিন আনা হয়। বুধবার দিনভোর সেই টাকা গণনার পরে বৃহস্পতিবার সকালে মিনারকে গ্রেফতার করে। মহম্মদ মিনার মন্ডল নিজেও পাথর মাফিয়া। সরকারি বাসের চালক থেকে তৃণমূল জমানায় এই উত্থান হয়েছে। মিনার সম্পর্কে টুলুর ভগ্নিপতি। তাকে এ দিন সকালে গ্রেফতার করা হয়েছে।

এ দিন সিউড়ি আদালতে মিনারকে হাজির করানো হয়েছে। তাকে আদালত আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। সরকার পক্ষের আইনজীবী আদালতকে জানান, এই টাকা উদ্ধারের ঘটনায় পাথর মাফিয়া টুলু মন্ডলের যোগ রয়েছে। অবৈধ ভাবে পাথর বিক্রির টাকা মিনারের কাছে ছিল। তাই টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিন শেখকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এর পরেই টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানায়। আদালত তা মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানার (এনবিডব্লু) নির্দেশ দিয়েছে। এ বার থানার তরফে টুলুর সম্ভাব্য ঠিকানাগুলি যাচাই করার কাজ শুরু করে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মহম্মদবাজারের নদোহরি এলাকায় টুলুর খামারবাড়ি থেকে পাথর ব‍্যবসা সংক্রান্ত ফাইল লোপাট করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ ফাইল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অন‍্য দিকে, পার্থসারথি ঠাকুর নিজেকে টুলু মন্ডলের ম‍্যানেজার বলে পরিচয় দিয়ে জানিয়েছেন, ওই ফাইলগুলি সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে টুলু নিজেই বলেছে। সেই কারণে সেখান থেকে ফাইলগুলি সরিয়ে আনাতে গাড়িটি গিয়েছিল। তবে টুলু মন্ডল ভারতীয় নম্বর দিয়ে ফোন করেছিলেন নাকি বিদেশি কোনও নম্বর থেকে ফোন করেছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। 

সূত্রের খবর, ওই ফাইল পাথর ব‍্যবসার সঙ্গে সম্পর্কিত। তাতে চালান, কাকে কত পরিমাণ পাথর দেওয়া হয়েছে, ট্রাকের কাগজপত্র, খাদান সংক্রান্ত নথি, ডিসিআর গেটের নথি, খাতা ইত্যাদি রয়েছে। তা খতিয়ে দেখবে পুলিশ। সেখান থেকে আরও গুরুত্বপূর্ণ প্রমাণ মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, টুলু মন্ডল এর আগে একাধিক বার দুবাই গিয়েছিল। বৃহস্পতিবার সেই আশঙ্কা প্রকাশ করে সেখানে পালিয়ে যেতে পারে বলে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতকে জানিয়েছেন। তিনি বলেন, “গত ২৩ মে-র পর থেকে টুলু মন্ডলের একাধিক অবস্থান পুলিশ পেয়েছে। ও পালিয়ে যাবে বলেই সম্পত্তির দেখভাল করার দায়িত্ব ভার এদের দিয়ে গিয়েছিল। তাকে খোঁজা হচ্ছে।”


Share