Fire Incident

স্মৃতি এখনও টাটকা, দু’মাসের মধ্যে তারাপীঠের বিলাসবহুল লজে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কের আবহে নিরাপদে আবাসিকরা

মঙ্গলবার ভোরে ‘গডস কাউন্টি’ লজের দোতলার ২০১ নম্বর ঘরে আগুন লাগে। দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাণহানির কোনও খবর নেই।

বেসরকারি লজ ‘গডস কাউন্টি’-তে অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, তারাপীঠ
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১২:২৯

দু’মাস আগে তারাপিঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রাণ হারিয়েছিলেন ন’জন। সেই স্মৃতি এখনও টাটকা। আবারও বীরভূমের তারাপীঠেই অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার ভোরে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার পথে অবস্থিত বেসরকারি লজ ‘গডস কাউন্টি’-তে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। ভোর প্রায় ৪টে নাগাদ লজের দোতলায় আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। লজে থাকা আবাসিকদের কারও ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রশাসন সূত্রে খবর।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, লজের দোতলার ২০১ নম্বর ঘরের বিছানায় প্রথম আগুন লাগে। পরে সেই আগুন থেকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। দ্রুত লজের অন্যান্য ঘরেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পুলিশ ও দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আগুনে লজের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

কী কারণে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, লজে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা পরীক্ষা করে দেখছেন দমকল আধিকারিকরা।

উল্লেখ্য, গত আগস্ট মাসে তারাপীঠের একটি হোটেলে ভোররাতে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছিল। এর পর রামপুরহাটের একটি হোটেলের রান্নাঘরেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও সেই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে জেলা প্রশাসন। কয়েকটি হোটেল বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। তার পরেও মাস দুয়েকের মধ্যে তারাপীঠের আরও একটি অভিজাত লজে আগুন লাগার ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


Share