Purna Das Baul

চার বিঘা জমি দখলের অভিযোগ! জেলাশাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল, রাজনৈতিক প্রভাবেরও বিস্ফোরক দাবি ছেলের

জমি দখলের ঘটনায় দিব্যেন্দু রাজনৈতিক প্রভাবের অভিযোগও তুলেছেন। তাঁর দাবি, আগের সরকারের আমলে অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিংহের মতো প্রভাবশালী নেতাদের মদত ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয়।

জেলাশাসকের দফতরে পূর্ণদাস বাউল।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ০৯:৪৫

জমি দখলের অভিযোগ জানিয়ে বীরভূমের জেলাশাসকের দ্বারস্থ হলেন বিশিষ্ট বাউল শিল্পী পূর্ণদাস বাউল ও তাঁর ছেলে দিব্যেন্দু দাস বাউল। তাঁদের অভিযোগ, ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের প্রায় চার বিঘা জমি দীর্ঘদিন ধরে সুকুল টুডু নামে এক ব্যক্তি বেআইনি ভাবে দখল করে রেখেছেন। একাধিক বার চেষ্টা করেও সেই জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি বলে তাঁদের দাবি।

জমি দখলের ঘটনায় দিব্যেন্দু রাজনৈতিক প্রভাবের অভিযোগও তুলেছেন। তাঁর দাবি, আগের সরকারের আমলে অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিংহের মতো প্রভাবশালী নেতাদের মদত ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয়। ওই জমি দখলের ক্ষেত্রেও তাঁদের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে তিনি অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এখনও জানা যায়নি।

জমিটি দখলমুক্ত করে শিল্পী পূর্ণদাস বাউল ও তাঁর পরিবার সেখানে বাউল সংস্কৃতি এবং বাউলদের শিক্ষার প্রসারে কাজ করতে চান। পূর্ণদাস জানান, প্রশাসনের হস্তক্ষেপে জমি দ্রুত উদ্ধার করা সম্ভব হলে সেখানে বাউল সংস্কৃতি চর্চা এবং বাউলদের শিক্ষার জন্য কাজ করা হবে। জমি দখলমুক্ত করতে তাঁরা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৭৭ সালে পূর্ণদাস বাউল ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার ধারে প্রায় চার বিঘা জমি কিনেছিলেন। অভিযোগ, ২০০৬ সালের পর থেকে ধীরে ধীরে ওই জমি জবরদখল হতে শুরু করে। জমি দখলমুক্ত করার দাবিতে আগের সরকারের আমলেও একাধিক বার জেলাশাসক এবং ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে পূর্ণদাসের পরিবার অভিযোগ জানিয়েছিল। তবে অভিযোগ, সেই আবেদনের পরেও কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। ২০২১ সালের অক্টোবর মাসে ইলামবাজারে এসে জমি দখলের অভিযোগ নিয়ে পূর্ণদাস বাউল সরব হয়েছিলেন। কিন্তু এত বছর পরেও তিনি জমি ফিরে পাননি। সেই কারণেই এ বার বাউল শিল্পী এবং তাঁর পরিবার ফের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।


Share