Mob Lynching

ছাগল চুরি করতে গিয়ে গাছে বেঁধে গণপিটুনি, থানায় পুলিশের বিরুদ্ধেও মারধরের অভিযোগ পরিবারের, উত্তেজনা দুবরাজপুরে

বোলপুরের এক পুলিশকর্তার দাবি, “ওই ব্যক্তি যশপুর গ্রামে একটি বাড়িতে কী কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে। ওঁকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ যুবককে উদ্ধার করে। ওই যুবকের বিরুদ্ধে কিছু অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। বাকি অভিযোগ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।”

দুবরাজপুর থানার বাইরে উত্তেজনা।
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ০১:৪২

বীরভূমের দুবরাজপুরে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেওয়া হয়। পরে ওই যুবককে পুলিশ আটক করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যুবকের মৃত্যু হয়। মৃতের নাম বরজাহান শাহ (৩৫)। পরিবারের অভিযোগ, থানার পুলিশের মারধরের কারণে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় ছড়ায়। থানার বাইরে স্থানীয়েরা বিক্ষোভ দেখান।

বীরভূমের দুবরাজপুর থানার যশপুর পঞ্চায়েতের পছিয়াড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পরিবার সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে বরজাহান যশপুর গ্রামে গিয়েছিলেন। সেই সময়ে চোর সন্দেহে তাঁকে পুলিশ আটক করে দুবরাজপুর থানায় নিয়ে আসে।

যদিও স্থানীয় সূত্রে খবর, বরজাহান এলাকায় ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। আর তার পরেই গণপিটুনির শিকার হয় সে। এরপরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, আটক করে নিয়ে আসার পরে আহত ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। অসুস্থ বোধ করলে পরিজনেরা ওই যুবককে দুবরাজপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরে গ্রামবাসীরা দুবরাজপুর থানার বাইরে বিক্ষোভ দেখান। যুবককের দেহ রেখেই বিক্ষোভ চলে। পরে রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কের ওপরে মৃতের দেহ রেখে বিক্ষোভ চলে। পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।

বোলপুরের এক পুলিশকর্তার দাবি, “ওই ব্যক্তি যশপুর গ্রামে একটি বাড়িতে কী কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে। ওঁকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ যুবককে উদ্ধার করে। ওই যুবকের বিরুদ্ধে কিছু অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। বাকি অভিযোগ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।”


Share