Body Recovery

ভিডিয়ো কলে কথা বলার মাঝেই রহস্যমৃত্যু! দেবীপুর জঙ্গলে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ, মিলল সুইসাইড নোট

তদন্তকারীদের দাবি, কথোপকথনের মাঝপথেই আচমকা ভিডিও কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ওই তরুণী একাধিকবার বিকাশের বন্ধুদের ফোন করেন।

মৃতের নাম বিকাশ রায়।
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ০২ আগস্ট ২০২৬ ০৪:১৮

বাঁকুড়ার দেবীপুরে এক কলেজ ছাত্রের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে দেবীপুর জঙ্গল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি ছাতনা চণ্ডীদাস কলেজের ছাত্র। মৃতের নাম বিকাশ রায় (২৩)। ঘটনাস্থল থেকেই একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তবে এই মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা জানতে পুলিশ তদন্তে নেমেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর ঠিক আগে জগদল্লা এলাকার এক তরুণীর সঙ্গে ভিডিয়ো কলে বিকাশ কথা বলছিলেন। পুলিশের দাবি, কথোপকথনের মাঝপথেই আচমকা ভিডিয়ো কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ওই তরুণী একাধিক বার বিকাশের বন্ধুদের ফোন করেন। কিছু সময় পরই দেবীপুর জঙ্গল থেকে বিকাশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, ভিডিয়ো কলে কী কথা হয়েছিল। কেন হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরই কেন বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। এই সমস্ত বিষয়গুলি এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ বলে পুলিশ মনে করছে। ইতিমধ্যেই মৃতের মোবাইল ফোন, ডিজিটাল তথ্য এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে আরও জানা গিয়েছে, সমাজমাধ্যমে ওই যুবকের সঙ্গে তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কলেজের কয়েক জন সহপাঠীর দাবি, সম্প্রতি সেই সম্পর্কে মধ‍্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। এমনকী, সম্পর্কের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতি নিয়েও অশান্তি চলছিল বলে জানা যাচ্ছে। যদিও ঘটনার রাতে ওই তরুণী কেন বারবার বিকাশের বন্ধুদের ফোন করেছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। বিকাশের বন্ধুদের অনেকেই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না।

ঘটনার প্রকৃত কারণ জানতে সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে। সুইসাইড নোট, মোবাইলের তথ্য এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলেই মৃত্যুর নেপথ্যের প্রকৃত কারণ সামনে আসবে বলে তদন্তকারীরা মনে করছেন।


Share