Weather Update

দক্ষিণবঙ্গে সোমবারও বৃষ্টির দাপট, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, সপ্তাহান্তে কমতে পারে বৃষ্টির পরিমাণ

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও রবিবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১০:৪৪

মাঝরাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর দফায় দফায় বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ সারাদিনই মূলত মেঘলা থাকবে। কলকাতায় মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিকেলের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে কয়েক দফা বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও দু'-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তবে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে সপ্তাহের শেষের আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।

কলকাতার ক্ষেত্রেও একই ছবি। দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও বিকেলের পর আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির দাপটও কমবে। সপ্তাহান্তে মহানগর ও আশপাশের এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্য দিকে, উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে এই দু'দিন উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় ফের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হতে পারে বলে আবহাওয়া সূত্রে খবর।


Share