Weather Update

কালীপুজোর পরেই বদলাবে আবহাওয়া! কমবে তাপমাত্রা, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়?

সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও সোমবার থেকেই ফের বদলাতে পারে আবহাওয়া। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ ১১:২৯

কালীপুজোর সকাল থেকেই উজ্জ্বল আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝলমলে রোদের দেখা মিলেছে। পাশাপাশি নিম্নমুখী হয়েছে তাপমাত্রার পারদ। সকাল ও সন্ধ্যায় অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। তাহলে কি এবার ধীরে ধীরে জাঁকিয়ে বসবে শীত? সেই প্রশ্নই ঘুরছে আবহাওয়াপ্রেমীদের মনে। যদিও আগামী সপ্তাহের শুরুতেই ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কলকাতার তুলনায় আরও ২ থেকে ৩ ডিগ্রি কম। সেখানে পারদ নেমে এসেছে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে এই স্বস্তির আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। আকাশ মেঘলা হওয়ার পাশাপাশি একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস।

শুধু সোমবার নয়, মঙ্গলবার ও বুধবারও রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কালীপুজোর পর ফের বৃষ্টির মুখে পড়তে পারে বঙ্গ। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। কমবে বৃষ্টির সম্ভাবনাও। অর্থাৎ, উৎসবের মরশুমে রোদের স্বস্তি মিললেও আগামী সপ্তাহের শুরুতে ফের মেঘ-বৃষ্টির দাপট দেখা যাওয়ার আশঙ্কা থাকছে।


Share