Weather Update

বৃষ্টি শেষে ফিরছে শীত, সপ্তাহজুড়ে পারদ পতন? তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে!

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, ফলে কলকাতা-সহ রাজ্যজুড়ে শীতের অনুভূতি বাড়বে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১১:০২

শীত পড়ার মুখে বাধ সেজেছিল ঘূর্ণিঝড় আকভান।গত কয়েকদিন রাজ্য জুড়ে চলেছে নাগারে বর্ষণ।কিন্তু কবে বিদায় নিচ্ছে বৃষ্টি? কবে পড়বে শীত? আবহাওয়া আজ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও কাল থেকে রাজ্যে পুরোপুরি শুষ্ক আবহাওয়া শুরু হচ্ছে। ফলে চলতি সপ্তাহেই ফিরতে চলেছে শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—উভয় বঙ্গেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বর্তমানে ঘূর্ণিঝড়টির অবশিষ্ট অংশ নিম্নচাপরূপে মধ্যপ্রদেশে অবস্থান করছে। অবশিষ্ট নিম্নচাপ এবং বঙ্গের ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখার প্রভাবে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও নদিয়ায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ উত্তরবঙ্গের কিছু জেলায় এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। যার মধ্যে দার্জিলিং ও কালিম্পং (উল্লেখিত: কালিগঞ্জ) জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কিছু জেলায় পরিষ্কার আকাশ দেখা যেতে পারে।

কাল থেকে শহরে পুরোপুরি শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সর্বনিম্ন তাপমাত্রা কমবে এবং সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী মঙ্গলবার থেকে তিন-চার দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ১০০ শতাংশের মধ্যে রয়েছে।

তবে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং আকাশ পরিষ্কার থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি বেশি বাড়বে এবং শুক্রবারের মধ্যে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।


Share