Weather Update

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও সপ্তাহজুড়ে দুর্যোগের পূর্বাভাস

কলকাতাতে সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। তবে দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১০:৩০

উত্তরবঙ্গে বর্ষার দাপট বাড়ছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এ ছাড়া পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

এ দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গ-সহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার বিস্তীর্ণ এলাকায় বর্ষা পৌঁছে যাবে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলতে পারে।

অন্য দিকে, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই ঝড়-বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।

কলকাতাতেও সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। তবে দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদিও এই বৃষ্টি সাময়িক স্বস্তি এনে দিতে পারে। তবুও গরম ও অস্বস্তিকর আবহাওয়া পুরোপুরি কাটার সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


Share