Weather Update

দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, উত্তরবঙ্গেও সোমবার থেকে বাড়বে বৃষ্টির দাপট

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপট শুরু হয়েছে। পাশাপাশি সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১১:১৫

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই সুস্পষ্ট নিম্নচাপ উত্তর ওড়িশা অতিক্রম করে ছত্তীসগড়ের দিকে এগোবে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। 

পাশাপাশি, সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ জুলাই, মঙ্গলবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। মঙ্গলবার থেকে সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ তুলনামূলক বেশি হতে পারে।

উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকেই পরিস্থিতির পরিবর্তন হবে। জলপাইগুড়ি জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সেই পরিধি আরও বাড়িয়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি সতর্কতা বৃহস্পতিবার। সেদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এ দিকে কলকাতায় রবিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও এক বা দুই পশলা ভারী বৃষ্টিও হতে পারে। রবিবার ও সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।


Share