Weather Update

রথের দড়িতে টান পড়তেই সুস্পষ্ট নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে উত্তরবঙ্গেও অতিভারী বৃষ্টির সতর্কতা

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টি। সপ্তাহান্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বজ্রপাত, দমকা হাওয়া ও পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কারও সতর্কতা জারি করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১০:০১

রথযাত্রার দিন বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানকারী নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করেছে। পরিণত হয়েছে সুস্পষ্ট শক্তিশালী নিম্নচাপে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই আবহাওয়া ব্যবস্থার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত যুক্ত রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে।

আবহবিদদের মতে, জম্মু থেকে বরেলি, বস্তি ও ডালটনগঞ্জ হয়ে সুস্পষ্ট নিম্নচাপের কেন্দ্র অতিক্রম করে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওডিশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। ২০ জুলাই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সেদিন বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্য দিকে, ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ একাধিক জেলায় ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকায় জল জমা ও প্লাবনের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।


Share