Weather Update

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, সপ্তাহের শেষে ঝড়বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১১:২২

রাজ্যে বর্ষা এখনও আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করেনি। তবে  আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্য দিকে, দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, পাকিস্তান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিচ্ছে।

উত্তরবঙ্গে আজ দার্জিলিংয়ের সমতল এলাকা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে। তবে একই সঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টিরও সূচনা হচ্ছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। রবিবার ও সোমবারও উপরের পাঁচ জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলতে পারে। এর ফলে সপ্তাহান্তের আগেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।

তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কলকাতায় আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে কখনও কখনও আংশিক মেঘলা হতে পারে। রোদের তেজ বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাই অস্বস্তিও বৃদ্ধি পাবে। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

এ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি নিয়েও নজর রয়েছে আবহাওয়াবিদদের। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেরল, লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুর আরও কিছু অংশে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। অনুকূল পরিস্থিতির অভাবে এ বছর মূল ভূখণ্ডে বর্ষার আগমন কিছুটা দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।


Share