Weather Update

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির আশঙ্কা, সপ্তাহান্তে বাড়তে পারে দুর্যোগ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে। অন্য দিকে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১১:১০

উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হতে পারে। আবহাওয়াবিদদের আশঙ্কা, সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রয়োজনে লাল সতর্কতাও জারি করা হতে পারে।

বর্তমানে উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

এ দিকে দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল রয়েছে। পাশাপাশি পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়া এবং বিভিন্ন নদীর জলস্তর বিপদসীমার উপরে পৌঁছোনোর সম্ভাবনার কথাও আবহাওয়াবিদরা জানিয়েছেন।

অন্য দিকে, বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। সেই কারণে বুধ ও বৃহস্পতিবার উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় বুধবার সকাল থেকে মেঘলা আকাশের দেখা মিলেছে। দিনের পরবর্তী সময়ে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী কয়েক দিনও কলকাতায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।


Share