Weather Update

রবিবার থেকে দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি, জারি হলুদ সতর্কতা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, জানাল আবহাওয়া দফতর

শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ১১:৩৯

বর্ষার বৃষ্টি কিছুটা কমতেই দক্ষিণবঙ্গে ফের বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবারও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির দাপট দেখা যেতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।

রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। ওই দু’দিন ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনও সতর্কতা নেই।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। এই দুই পরিস্থিতির প্রভাবে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণে ফের পরিবর্তন হতে পারে।

কলকাতায় শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু’-এক পশলা হতে পারে, যদিও বৃষ্টির সম্ভাবনা সামান্য।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র দুই মিলিমিটার।


Share