Weather Update

পুজোয় ভোগাবে বৃষ্টি? চতুর্থী থেকেই বদলাতে পারে আবহাওয়া! কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে অষ্টমী থেকে আবহাওয়া ফের শুষ্ক হওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১১:১২

বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে ঠিকই কিন্তু পুজোর দিনগুলিতে ভোগাবে কি বৃষ্টি ? এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চতুর্থী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এখনই পুজোর আনন্দে বড়সড় বাধার আশঙ্কা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরেই আবহাওয়ার এই পরিবর্তনের সম্ভাবনা। নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে। তাই বাংলায় এর প্রভাব খুব বেশি পড়বে না বলেই মনে করা হচ্ছে।

বুধবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে মেঘ বাড়তে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রোদের তেজ কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়তে পারে। তবে ভোর ও সন্ধ্যার দিকে আবহাওয়া তুলনায় মনোরম থাকার সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। রবিবারও উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে অষ্টমী থেকে ফের আবহাওয়া শুষ্ক হওয়ার ইঙ্গিত মিলেছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মূলত পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরম থাকতে পারে। তবে শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশে পৌঁছেছিল।

সব মিলিয়ে পুজোয় ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই ঠাকুর দেখতে বেরোনোর পরিকল্পনা করার আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে নজর রাখাই ভাল।


Share