Weather Update

দক্ষিণবঙ্গে কমল দুর্যোগের আশঙ্কা, ঝাড়খণ্ডে সরে গেল নিম্নচাপ, পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা কমেছে। কলকাতায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে।

শহরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ১০:৩৪

ভারী বৃষ্টির দাপট থেকে আপাতত কিছুটা স্বস্তি মিলল দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ নির্ধারিত সময়ের প্রায় আট ঘণ্টা আগেই পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ দু’টোই কমার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রবিবার গভীর রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় দিনভর ভারী বৃষ্টি চলে। তবে আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। মঙ্গলবার সেটি আরও পশ্চিমে সরে বিহারের দিকে যেতে পারে। ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটাই কমেছে।

মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। শহরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবারের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের কিছু সময়ে মেঘ সরলে রোদের দেখাও মিলতে পারে।

একটানা বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রাও বেশ কিছুটা নেমেছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরে ৬০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে বিভিন্ন জায়গায় দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।

এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র এখনও উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


Share