Weather Update

পুজোয় কি মিলছে স্বস্তি? বর্ষা বিদায়ের পথে, কমবে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি

রাজ্যে ধীরে ধীরে বিদায়ের পথে বর্ষা, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গল ও বুধবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে তৈরি হতে পারে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১০:০৩

পুজোয় কি মিলছে স্বস্তি! পুজোর সময় আগত।রাজ্যে বর্ষা বিদায়ের পথে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে মঙ্গল ও বুধবার রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। জলীয় বাষ্পের কারণে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি সিকিমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সিকিমের ঘূর্ণাবর্ত থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত।

দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্য জেলাতেও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার থেকে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সপ্তাহের শেষ দিকে রাজ্যে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতায় আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিও হতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.৪ মিলিমিটার।


Share