Weather Update

রথযাত্রায় বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা

একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি হয়েছে। সপ্তাহান্ত পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১১:২৩

সকাল থেকেই মুখভার আকাশের। বৃহস্পতিবার ভোরের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এক দু- পশলা বৃষ্টিও হয়েছে। রথযাত্রার দিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। এর প্রভাবেই রথের দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও বৃষ্টির এই প্রবণতা বজায় থাকবে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার জন্য অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বৃষ্টির দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।


Share