Weather Update

বঙ্গোপসাগরে আরও এগিয়ে স্থলভাগের দিকে গভীর নিম্নচাপ, রাতেই স্থলভাগে ঢোকার সম্ভাবনা! দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৭

সকাল থেকে আকাশের মুখ ভার। চলছে কম-বেশি বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি স্থলভাগের আরও কাছে চলে এসেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে সেটি পশ্চিম দিকে এগিয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ গভীর নিম্নচাপটির অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৭০ কিলোমিটার দূরে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাতেই বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে ঢুকতে পারে গভীর নিম্নচাপটি। এর প্রভাব পড়বে বাংলাতেও। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও হালকা বৃষ্টি। আবার কোথাও তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছে। দিনের বাকি সময়েও কলকাতা-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছ’টি জেলার পাশাপাশি বৃহস্পতিবার হাওড়াতেও অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

উত্তরবঙ্গেও আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক থাকবে না। বুধবার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারও এই জেলাগুলিতে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হতে পারে। বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ সেটি গোপালপুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার এবং পুরী থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


Share