Weather Update

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল মানুষ, কেরলে রয়েছে বর্ষা প্রবেশের সম্ভাবনা

ভারতের মূল ভূখণ্ডে সাধারণত ১ জুন বর্ষা প্রবেশ করলেও এ বছর কেরলে তার আগমন কিছুটা বিলম্বিত হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১১:০৭

রাজ্যে আবহাওয়ার বৈপরীত্য স্পষ্ট। এক দিকে উত্তরবঙ্গের সব জেলায় প্রাক-বর্ষার ঝড়-বৃষ্টির দাপট। অন্য দিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির জেরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্য দিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি থেকে এখনই স্বস্তির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। শুক্রবার ও রবিবার ঝড়-বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি বলে পূর্বাভাস।

কলকাতাতেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছেছে। সকাল থেকেই ঘাম ঝরানো আবহাওয়া অনুভূত হচ্ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘের প্রভাবে কোথাও কোথাও হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার থেকে রবিবারের মধ্যে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ থেকে ৮৬ শতাংশের মধ্যে রয়েছে।

এ দিকে বর্ষা নিয়ে সুখবর মিলতে পারে আজই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ুর কিছু অংশেও মৌসুমি বায়ু অগ্রসর হতে পারে। যদিও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন ঘটেছে, তবে ভারতের মূল ভূখণ্ডে সাধারণত ১ জুন বর্ষা প্রবেশ করলেও এ বছর কেরলে তার আগমন কিছুটা বিলম্বিত হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আর দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে চলবে বিচ্ছিন্ন ঝড়বৃষ্টির লুকোচুরি।


Share