Weather Update

শীতের আমেজে ফের বাধা বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে আবহাওয়া, মঙ্গল-বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট। আগামী কয়েক দিনে বাড়তে পারে তাপমাত্রাও।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ১০:৩২

শীতের হালকা আমেজের মধ্যেই ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে বৃষ্টি। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার জেরে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় অস্বস্তি বাড়তে পারে। আগামী কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও উল্লেখযোগ্য নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। তবে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।

সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হবে। কমবে বৃষ্টির সম্ভাবনা।

সোমবার মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা হাওয়াও বইতে পারে।

মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে। বুধবার মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমতে পারে।

সোমবার থেকেই কলকাতার আকাশের চেহারা বদলাতে পারে। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার ও বুধবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে সপ্তাহান্তে ফের কিছুটা নামতে পারে তাপমাত্রার পারদ।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯৬ শতাংশ। অর্থাৎ আপাতত শীতের আমেজের বদলে বৃষ্টি ও জলীয় বাষ্পের জেরে অস্বস্তিকর আবহাওয়ার মুখোমুখি হতে পারে বঙ্গবাসী।


Share