Weather Update

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, বাড়তে পারে বর্ষা সক্রিয়তা, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মহানগরে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১০:৩৮

উত্তরবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্য দিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। যার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

সোমবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে। শুক্রবার ও শনিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছোতে পারে। তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদদের মতে, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও বিস্তার আরও বাড়তে পারে। শুক্রবার ও শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের পাশাপাশি হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস।

কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মহানগরে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯২ শতাংশের মধ্যে রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তির মধ্যেই ধীরে ধীরে বাড়তে পারে বর্ষার সক্রিয়তা।


Share