Weather Update

টানা বৃষ্টির পর বিরতি দক্ষিণবঙ্গে, আদ্রতার কারণে বাড়তে পারে অস্বস্তি, সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির ইঙ্গিত

বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে যাওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কম থাকবে। এ দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গেও ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ১১:১১

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রবিবার ও সোমবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে। টানা দু'দিনের বৃষ্টির পর দক্ষিণবঙ্গে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পর সোমবার বিকেলের পর থেকে তার দাপট কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। তবে বৃষ্টি কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়তে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা জোরাল। পাহাড় ও সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সাম্প্রতিক টানা বৃষ্টির প্রভাবে কলকাতার তাপমাত্রাও কিছুটা নেমেছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি কম। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় মোট ২০.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতরের ব্যাখ্যা অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ওডিশা পেরিয়ে বর্তমানে ঝাড়খণ্ড হয়ে ছত্তিসগড়ের দিকে সরে গিয়েছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও মুর্শিদাবাদের উত্তর দিকে অবস্থান করছে। এই দুই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমেছে। এই একই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে।

তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বিরতি দীর্ঘস্থায়ী হবে না। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সপ্তাহের শেষে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।


Share