Weather Update

দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি, গভীর নিম্নচাপে বাড়বে বৃষ্টি, দুই জেলায় জারি লাল সতর্কতা

বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। এর প্রভাবে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় আজ লাল সতর্কতা, কোথাও ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ১২:৩৫

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ বৃহস্পতিবার আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে এই নিম্নচাপ। এর প্রভাবেই আজ দক্ষিণবঙ্গের দুই জেলায় প্রবল থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় আজ লাল সতর্কতা রয়েছে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

শুক্রবারও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি থাকবে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা।

এ দিকে, ১৫ অগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। সমুদ্রের উপর ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলেও সতর্কতা জারি রয়েছে।

কলকাতায় বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতি ও শুক্রবার কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার।

মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। বিকানীরের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্র হয়ে জামশেদপুর, কলকাতার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা। সব মিলিয়ে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকার পূর্বাভাস।


Share