Weather Update

উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহজুড়ে দুর্যোগের পূর্বাভাস

উত্তরবঙ্গের পাঁচ জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। সোমবার শহরে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১১:১৮

রাজ্যের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে লাল সতর্কতা। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা। পাশাপাশি নদীর জলস্তর বৃদ্ধি। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্য দিকে, দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তি বজায় থাকবে। সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টি এবং বজ্রঝড়ের দাপট বাড়বে বলে পূর্বাভাস।

বর্তমানে রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, যা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রঝড়ের সম্ভাবনা বেশি। এই এলাকাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হলুদ সতর্কতা জারি থাকবে। শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যন্ত ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে।

মঙ্গলবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা বহাল থাকবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি শুরু হতে পারে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতায় সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শহরে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৩ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।


Share