Weather Update

উত্তরবঙ্গে লাল সতর্কতা, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ফের বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১১:০০

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে রবিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও কমলা সতর্কতা বহাল থাকবে। অন্য দিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা বর্তমানে হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বাংলার আবহাওয়ায় তার প্রভাব পড়ছে। এর ফলেই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এলাকা গুলোতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হুগলি ও নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বৃষ্টি না হলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস। বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে।

উত্তরবঙ্গে রবিবার লাল সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা বহাল থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শেষে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি ও ঝড়ের ব্যাপকতা আরও বাড়তে পারে।

কলকাতায় রবিবার দুপুর ও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ফের বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।


Share