Weather Update

নিম্নচাপের প্রভাবে বাড়ছে দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা, কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা

গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে জারি লাল সতর্কতা। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি।

কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১১:৪১

পিছু ছাড়ছে না বৃষ্টি। দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী থেকে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি বর্তমানে কলকাতার কাছাকাছি অবস্থান করছে। নিম্নচাপের প্রভাব পড়ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, সংলগ্ন উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। দক্ষিণমুখী হয়ে থাকা এই গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে।

সোমবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

মঙ্গলবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকবে। আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলেও জারি করা হয়েছে সতর্কতা।

সোমবার কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবারের পর ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার।


Share