Weather Report

বর্ষা বিদায়ের মুখেও কমছে না বৃষ্টি, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির হতে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৬

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষাকালীন অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে সেই অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে প্রবেশ করে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এবং বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই রাজ্যের বিভিন্ন জায়গায় আরও কয়েক দিন ঝড়বৃষ্টি চলতে পারে।

কলকাতায় আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দু’-একটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদেও।

তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার বাদে এই চার জেলাতেই শুক্রবার ও শনিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

এ দিকে, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোয়, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি।


Share