Weather Update

বৃষ্টিতে সাময়িক বিরতি, বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

টানা বৃষ্টির পর আপাতত স্বস্তি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিছু এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বুধবার থেকেই ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ আগস্ট ২০২৬ ১০:৪৬

টানা বৃষ্টির পর আপাতত সাময়িক স্বস্তি। দুর্যোগের মেঘ অনেকটাই সরে গিয়েছে। কোথাও কোথাও নীল আকাশের দেখা মিলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও কমতে পারে বৃষ্টির পরিমাণ।

তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয় বলেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে। আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবার থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আর উল্লেখযোগ্য ভাবে বাড়ার সম্ভাবনা নেই।

সোমবার কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। দিনের কিছু সময়ে রোদের দেখা মিলতে পারে। শহরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়তে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির মেঘের আনাগোনা কম থাকায় দিনের বড় একটা সময় দক্ষিণবঙ্গের বাসিন্দারা রোদের দেখা পেতে পারেন। বৃষ্টি কমে রোদ বাড়লে দিনের তাপমাত্রাও কিছুটা চড়তে পারে।

তবে বুধবার থেকেই পরিস্থিতির ফের বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নতুন করে বর্ষার মেঘ সক্রিয় হলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কলকাতাতেও ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ফলে আপাতত যে বৃষ্টির বিরতি মিলেছে, তা সাময়িক বলেই মনে করছে আবহাওয়া দফতর।


Share