Weather Update

একসঙ্গে সক্রিয় তিনটি সিস্টেম, রথের দিন থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টির দাপট, পূর্বাভাস আবহাওয়া দফতরের

বৃহস্পতিবার রথযাত্রার দিন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও শুক্রবার থেকে ফের বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১১:১১

আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একাধিক আবহাওয়া ব্যবস্থা একসঙ্গে সক্রিয় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার, রথযাত্রার দিন, ফের বৃষ্টির পরিমাণ ও তীব্রতা উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে মণিপুর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এ ছাড়া, বিহার, বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই তিনটি আবহাওয়া ব্যবস্থা একযোগে সক্রিয় থাকায় গোটা রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

কলকাতার ক্ষেত্রে মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে। ওই দিন হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও মঙ্গলবার সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


Share