Weather Update

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির দাপট, একাধিক জেলায় লাল-কমলা সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা কম থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১০:২৪

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে বাড়তে চলেছে বর্ষার দাপট। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মরশুমের প্রথম নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা রয়েছে।

রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্য দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কলকাতাতেও শুক্রবার সন্ধ্যার পর থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শনিবার ও রবিবার মাঝারি বৃষ্টির পাশাপাশি দফায় দফায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে। পাহাড় এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হতে পারে।


Share