Weather Update

নিম্নচাপের প্রভাব কাটতেই দক্ষিণবঙ্গে আপাতত বিরতি, সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে জারি লাল সর্তকতা

নিম্নচাপের প্রভাব কমায় দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ১১:২৪

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টির তীব্রতা অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বুধবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার আবার পরিবর্তন হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শনিবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকতে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গে বুধবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। অতিবৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


Share