Weather Update

দক্ষিণবঙ্গে কমল বৃষ্টির দাপট, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টির সতর্কতা জারি

শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট। কলকাতা-সহ একাধিক জেলায় রোদের দেখা মিললেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গুমোট গরমে অস্বস্তি বাড়বে। অন্য দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১১:৫৭

কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর শনিবার সকাল থেকেই বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা-সহ একাধিক জেলায় রোদের দেখা মিলেছে। বৃষ্টির দাপট আপাতত কমেছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

শনিবার সকাল থেকেই রোদের তেজ ছিল চোখে পড়ার মতো। যদিও দিনের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতার কারণে গুমোট গরমে ভোগান্তি বাড়তে পারে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম।

শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্য দিকে উত্তরবঙ্গে এখনও সক্রিয় রয়েছে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে রয়েছে কমলা সতর্কতা। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির এই পরিস্থিতি আপাতত বজায় থাকলেও সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


Share