Weather Update

টানা বৃষ্টির পর বিদায়ের সুর, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়ায়, নামবে পারদ! কবে পড়বে শীত?

আজ ও কাল দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়া ফিরবে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে, পশ্চিমের জেলায় পারদ ১৫ ডিগ্রিতে নামার ইঙ্গিত।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১১:০১

ধীরে ধীরে কাটছে মেঘলা আকাশ। মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে ফিরছে শীতের আমেজ। অবশেষে দুর্যোগের মেঘ কাটিয়ে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, রবিবার থেকেই পরিস্থিতির ধীরে ধীরে বদল ঘটতে শুরু করবে। তবে এখনই পুরোপুরি বৃষ্টির ভ্রুকুটি কাটছে না।আজ ও আগামীকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে গোটা রাজ্যেই পুরোপুরি শুষ্ক আবহাওয়া ফিরবে। তার সঙ্গেই ফের অনুভূত হবে শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের মতোই আজ ও আগামীকাল উত্তরবঙ্গের সব জেলার এক-দুটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি ঘটবে। আকাশ কোথাও মেঘলা আবার কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ পরিষ্কার হয়ে শুষ্ক আবহাওয়া শুরু হবে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস রয়েছে।

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলারই এক-দুটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত আংশিক মেঘলা থাকলেও কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই আবহাওয়া শুষ্ক হয়ে উঠবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ নামতে শুরু করবে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ অনেকটাই বেশি অনুভূত হবে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। শহরের আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকবে। আবহাওয়ার ক্রমশ উন্নতি হলেও আজ বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবারের পর থেকে কলকাতায় শুষ্ক আবহাওয়া ফিরবে। সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়লেও মঙ্গলবার থেকে শহরের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৯২ থেকে ৯৮ শতাংশের মধ্যে এবং গত ২৪ ঘণ্টায় শহরে ১.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Share