Weather Update

বুধবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপের, রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত বুধবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ১০:৫৭

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবারই শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও একাধিক এলাকায়।

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৯৯ শতাংশ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমতে পারে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বুধবার জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।

সব মিলিয়ে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে আগামী কয়েক দিন রাজ্যজুড়েই বর্ষার দাপট আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।


Share